ঝিনাইদহে শিশুকে অপহরণের পর হত্যা, ৪ জনের যাবজ্জীবন
২০১৫ সালের ৭ জুলাই বাড়ির পাশে খেলা করার সময় মনিরাকে অপহরণ ও পরে হত্যা করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন জানান।
দণ্ডিতরা হলেন- অচিন্তনগর গ্রামের আছালত মণ্ডলের ছেলে জাফর মণ্ডল (৪২), প্রয়াত খয়বার বিশ্বাসের ছেলে শিপন (৪০), কুদ্দুস মুন্সীর ছেলে মিন্টু মুন্সী (৪০) ও মুজিবার মোল্লার স্ত্রী মোছা. নুপুর (৪০)।
মামলার বরাতে পিপি ইসমাইল জানান, ২০১৫ সালের ৭ জুলাই রমজান আলীর মেয়ে মনিরা খাতুন বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয়। শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে সন্ধ্যার দিকে মোবাইল ফোনে তার পরিবারকে জানান এক ব্যক্তি।
পরে মোবাইল ফোনে শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ১১ জুলাই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন মনিরার বাবা। মামলার পরদিন বাড়ির পাশে পাট ক্ষেত থেকে মনিরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন, “এ ঘটনায় সন্দেহভাজন হুজাইফা ওরফে জিহাদ, জাফর, শিপন, মিন্টু, নুপুর ও নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিহাদ ও জাফর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
“সেখানে তারা বলেন, জিহাদ শিশুটিকে অপহরণ করে নুপুরের কাছে দেয়। নুপুর শিশুটিকে তার ধর্ম বোনের কালীগঞ্জের বাসায় নিয়ে যান। সেখানে শিশুটি কান্নাকাটি করলে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এক পর্যায়ে শিশুটি মারা যায়। সেখান থেকে শিশুটির মরদেহ গ্রামে এনে নুপুরের বাড়িতে ড্রামে লুকিয়ে রাখা হয়। পরে শিশুটির বাবার পাট খেতে মরদেহ ফেলে যান আসামিরা।”
তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্য গ্রহণ শেষে চারজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।
সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসিম, মনিরুল ইসলাম, মনিজান, আশরাফুল ইসলাম ও মোশারফ হোসেন বেকসুর খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
