রামেক হাসপাতালে ভাঙচুর: কাজে ফেরার ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের
রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে কাজে ফেরার ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ধর্মঘটে যাওয়া শিক্ষানবিশ চিকিৎসকরা সাধারণ রোগীদের ভোগান্তি কথা বিবেচনা করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।
রোববার সকাল থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার কর্মবিরতির মধ্যে শিক্ষানবিশ চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে দুপুরে এসে হাসপাতাল চত্বরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি বলেন, “দুপুরে হাসপাতাল পরিচালনা পরিষদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী বিকেল ৩টার পর ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়।”
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ইন্টার্ন চিকিৎসক ছাড়া হাসপাতাল চালানো বেশ কঠিন। তারা কাজে না ফিরলে চিকিৎসা সেবা ভেঙে পড়বে। সাধারণ মানুষের সেবা নিশ্চিতে ইন্টার্নদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।
তিনি বলেন, “ধর্মঘট চলাকালীন সিনিয়র ডাক্তাররা নিজ নিজ ওয়ার্ডে চিকিৎসা সেবা চালিয়ে গেছেন। ফলে রোগীদের কিছুটা দুর্ভোগ কম হয়েছে। ইন্টার্নরা কাজে ফিরে এসেছেন, এখন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে হাসপাতালের চিকিৎসা সেবা।”
হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। রোগীদের কথা বিবেচনা করে তাদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য বলেছি। তারা আমাদের কথা শুনেছে। সাময়িকভাবে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছে। সবাই কাজে যোগ দেবেন।”
গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। এরপর অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ও হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্র আহত হন। তারা এখন নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার রাতেই এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার আরেকটি মামলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুটি মামলাই শনিবার রাতে নথিভুক্ত করে রাজপাড়া থানা পুলিশ।
ভাঙচুরের পর ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বুধবার রাত ১১টার দিকে কর্মবিরতি শুরু করেন। রাত ১২টায় তারা সবাই একযোগে হাসপাতাল ত্যাগ করেন। তার আগে সাংবাদিকদের সামনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরাম হোসেন।
বৃহস্পতিবার শিক্ষানবিশ চিকিৎসকরা সারাদিন ধর্মঘটে ছিলেন। এর ফলে হাসপাতালে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। এদিন দুপুরে হাসপাতাল কর্তপৃক্ষের সঙ্গে বৈঠক শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শুক্রবার সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
শুক্রবার সকাল ৬টা থেকে কাজে ফিরেন তারা। কিন্তু শনিবার দুপুরে আবারও ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
আরও পড়ুন:
এবার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাবি কর্তৃপক্ষের মামলার আবেদন
হল থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্তে কমিটি
হাসপাতালে ভাঙচুর: আবার ধর্মঘটে রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
শুক্রবার থেকে কাজে ফিরছেন রাজশাহী মেডিকেলের ইন্টার্নরা
হাসপাতালে ভাঙচুর: রাবির ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন
