হাসপাতালের পাওনা মেটাতে নবজাতককে ‘দত্তক’, ছেলেকে ফেরত চান মা
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের কেউ এখনও জানাননি। পরিবারটি যদি আসে, অবশ্যই তাদের যথাযথ সহায়তা করা হবে।”
হাসপাতালের বিল পরিশোধে নবজাতককে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হলেও এখন সন্তানকে ফেরত চান প্রসূতি ও তার স্বজনরা। যদিও বিষয়টির সুরাহার জন্য স্থানীয় প্রশাসনের দ্বারস্ত হয়নি ভুক্তভোগীরা।
উপজেলা প্রশাসন বলছে, পরিবারটি চাইলে তাদের যথাযথ সহায়তা করা হবে।
প্রসূতি শিরিন আক্তারের (২০) বাবার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিকুরা গ্রামে।
তার বাবা সিরাজুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে ভাড়া বাসায় থেকে স’মিলের (কাঠ চেরাই কল) মিস্ত্রির কাজ করেন। এ ছাড়া মাঝে-মধ্যে অটোরিকশাও চালান।
পরিবারিক কলহে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরির পর থেকে দেড় বছর বয়সি বড় ছেলেকে নিয়ে শ্রীপুরের ফরিদপুর গ্রামেই থাকছেন শিরিন।
গত শুক্রবার দুপুরে ওই গ্রামে প্রসূতি ও তার স্বজনদের সঙ্গে কথা হয়।
তারা জানান, শিরিন আক্তারের স্বামী আরিফুল ইসলাম বিভিন্ন পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করেন। তিনি মাদকাসক্ত, বিভিন্ন সময় তাকে মাদক ছাড়তে অনুরোধ করার পরও তিনি মাদক না ছাড়ায় ৪/৫ মাস আগে তার সঙ্গে গর্ভবতী শিরিন ও তার পরিবারের দূরত্ব তৈরি হয়। এরপর থেকে আরিফের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।
গত ১৬ অক্টোবর সন্তানসম্ভবা মেয়ে শিরিন আক্তারকে নিয়ে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার স্বাধীন নার্সিং হোম নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান বাবা সিরাজুল ইসলাম। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে-েসন্তানের জন্ম দেন শিরিন।
সিরাজুল জানান, স্বামীর সঙ্গে দূরত্ব তৈরির পর থেকেই মেয়ে তাদের কাছে থাকে। অভাবের সংসারে সন্তানসম্ভবা মেয়েকে নিয়ে ছিল বাড়তি চাপ।
বিষয়টি নিয়ে প্রতিবেশী শামসুন্নাহার নামের এক নারীর সঙ্গে পরামর্শ করেন সিরাজ। ওই নারী শিরিনের অস্ত্রোপচারের জন্য ১৩ হাজার টাকায় ময়মনসিংহের স্বাধীন নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেন।
টাকা জোগাড় করে গত ১৬ অক্টোবর ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে-সন্তানের জন্ম হয় শিরিনের।
গত ১৯ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে গিয়ে প্রসূতির স্বজনরা জানতে পারেন, হাসপাতালে বিল হয়েছে ২৪ হাজার ৫০০ টাকা।
নবজাতকের নানা সিরাজ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধে তাদের ওপর চাপ দিতে থাকে। তবে ওই সময় তাদের কাছে শুধু ১৩ হাজার টাকাই ছিল।
এক পর্যায়ে প্রতিবেশী শামসুন্নাহার নবজাতককে ‘দত্তক’ দেওয়ার পরামর্শ দেন।
ওই নারী তাদের জানান, সন্তান দত্তক দিলে হাসপাতালের বিল পরিশোধ করেও নগদ কিছু টাকা মাকে দেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করা অতিরিক্ত টাকা দিতেই নবজাতককে শামসুন্নাহার ও তার পূর্ব পরিচিত শ্রীপুরের ফরিদপুর এলাকার আল আমিনের হাতে তুলে দেওয়া হয় দাবি করে সিরাজুল আরও বলেন, “হের পর থেইকা আমার মাইয়া সন্তানের জন্য খালি কান্দে।”
প্রসূতি শিরিন আক্তার জানান, হাসপাতাল থেকে ছুটি নেওয়ার দিন দুপুরে তাকে ডেকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তিনি সন্তানকে হাসপাতালের বিছানায় রেখে সেখানে যান। তখন তার হাতে ১ হাজার ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ওষুধ কিনে খাওয়ার কথা বলা হয়।
“আমি তহন বুজতেও ফারি নাই যে, হেরা আমার সন্তানরে লইয়া যাইব। আমি ফিরা আয়া দেহি, হাসপাতালের বিছনায় আমার সন্তান নাই। শেষ বারের মতন আমার সন্তানরে তারা আমারে দেকতেও দিল না। এহন আমি আমার সন্তানরে ফিরত চাই।”
এ বিষয়ে শামসুন্নাহার জানান, প্রথমে ১৩ হাজার টাকা চুক্তি থাকলেও যেহেতু এই নারীর দ্বিতীয় অস্ত্রোপচার ছিল, তাই জটিলতা বিবেচনায় পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিল বাড়িয়ে দেয়। আর পরিবারটি বিল দিতে না পারায় টাকার জন্য নবজাতককে তার পরিচিত আল আমিনের হাতে তুলে দেন।
আল আমিন হাসপাতালের বিল দিয়ে নবজাতককে নিয়ে যান। তবে নবজাতক এখন কোথায় আছে এ বিষয়ে কিছুই বলতে পারেন না বলে দাবি শামসুন্নাহারের।
এ ব্যাপারে ময়মনসিংহের স্বাধীন নার্সিং হোমের পরিচালক মো. খোকন জানান, শিরিন আক্তারের একটি পুত্র-সন্তানের জন্ম হয়েছে তাদের এখানে। আগে থেকে কার সঙ্গে কত টাকার চুক্তি ছিল তা তাদের জানা নেই। তবে অস্ত্রোপচারের পর হাসপাতালের বকেয়া হয়েছিল ২৪ হাজার ৫০০ টাকা। যা পরিশোধ করার পর তাদের ছাড়পত্র দেওয়া হয়।
এর বেশিকিছু তারা জানেন না বলে দাবি মো. খোকনের।
নবজাতকের নানা সিরাজ বলেন, এখন তিনি নাতিকে ফেরত আনতে চান। তবে শিশুটিকে ফিরিয়ে আনার কথা জানালে আল আমিন তাদের কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। কিন্তু এতো টাকা পরিশোধের সামর্থ্য তাদের নেই।
পরে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ৪০ হাজার টাকা দিয়ে শিশুটিকে ফিরিয়ে আনার ব্যাপারে আল আমিনের সঙ্গে কথা হয়।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের কেউ এখনও জানাননি। পরিবারটি যদি আসে, অবশ্যই তাদের যথাযথ সহায়তা করা হবে।”
