সিরাজগঞ্জে খেলার মাঠ রক্ষার আন্দোলনে সংঘর্ষ: গ্রেপ্তার আরও ২
এর আগে আরও ৭ নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খেলার মাঠ রক্ষার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার হলদিঘর কান্দিপাড়া গ্রামের মাসুদ মিয়া (১৮) ও মেহেদী মিয়া (২০)।
শাহজাদপুর থানার পরিদর্শক আব্দুল মজিদ জানান, সোমবার রাতে কান্দিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পর মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হলদিঘর খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প করার উদ্যোগ নিয়ে এলাকাবাসীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার সকালে সেখানে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ইটপাটকেলের আঘাতে আহত হন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। তাছাড়া ইউএনওর সরকারি গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
সংঘর্ষে এক শিশু ও নারীসহ কয়েকজন গ্রামবাসীও আহত হন।
পরে উপজেলা ভূমি অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২০ নারী-পুরুষকে আসামি করা হয়েছে।
আশপাশের ছয় গ্রামের মানুষ শুরু থেকেই খেলার মাঠ রক্ষায় এ প্রকল্পের বিরোধিতা করছেন।
সোমবার খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকদের অনেকে।
তারা হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী ও বাপার সভাপতি সুলতানা কামাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নারীপক্ষের সদস্য শিরিন হক, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পারভীন হাসান, ব্লাস্টের অনারারি ডিরেক্টর ব্যারিস্টার সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কোস্টের প্রধান নির্বাহী রেজাউল করিম চৌধুরী, মানবাধিকার কর্মী মো. নূর খান লিটন, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, বহ্নিশিখার প্রতিষ্ঠাতা তাসাফি হোসেন, বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, সঙ্গীতশিল্পী ও লেখক অরূপ রাহী, উন্নয়নকর্মী ও গায়ক নবনীতা চৌধুরী, সাংবাদিক ড. সায়দিয়া গুলরুখ ও গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাতা আহসান রনি।
বিবৃতিতে বলা হয়েছে, “আশ্রয়ণ প্রকল্প বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগ। এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সমর্থন ও সাধুবাদ জানাই। আমরা কোনোভাবেই সরকারের আশ্রয়ণ প্রকল্পের বিরোধী নই। কিন্তু সম্প্রতি বিভিন্ন স্থানে আশ্রয়ণ প্রকল্পের জন্য খেলার মাঠ বা উন্মুক্ত স্থান বেছে নেওয়া হচ্ছে। ফলে সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
“বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে আমরা আশ্রয়ণ প্রকল্পের জন্য সর্বসাধারণের ব্যবহার্য নয় এমন স্থান নির্বাচনের প্রস্তাব করছি। বিদ্যমান পতিত অকৃষি শ্রেণির কোনো খাসজমিই হতে পারে এ প্রকল্পের একমাত্র উপযুক্ত স্থান।”
এ অবস্থায় বলদীপাড়া-হলদীঘর গ্রামের ঐতিহ্যবাহী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার অনুরোধ জানান তারা। একই সঙ্গে স্থানীয়দের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও তারা জানান।
আরও
