সিরাজগঞ্জে খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পে ক্ষোভ গ্রামবাসীর, আহত এসিল্যান্ড
প্রয়োজনে সবাইকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি বিক্ষুব্ধ গ্রামবাসীর।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শতবর্ষী খেলার মাঠ ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরির উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসী। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলার বলদিপাড়া ও হলদিগ্রামের দুটি খেলার মাঠের যে কোনো একটিতে মাটি ভরাট করে সেখানে আশ্রয়ণ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন।
এসিল্যান্ড লিয়াকত সালমানকে নিয়ে রোববার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগ্রামের মাঠটি পরিদর্শন করতে যাচ্ছিলেন শাহজাদপুরের ইউএনও তরিকুল ইসলাম। পথেই তাদের আটকে দেয় গ্রামবাসী এবং তখন সংঘর্ষের ঘটনা ঘটে।
শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিবুল ইসলাম বলেন, “সকালে ইউএনও ওই এলাকা পরিদর্শনের জন্য গেলে গ্রামের শত শত নারী ও শিশু-কিশোর প্রতিবাদমুখর হয়ে ওঠে। তারা হলদিপাড়া ব্রিজের কাছে সড়কে গাছের গুড়ি ফেলে ও বাঁশ বেঁধে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেন।
“এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর ইট-পাটকেলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায় এবং ইউএনওর সরকারি গাড়ির একাংশের কাঁচ ভেঙে যায়। এ অবস্থায় ইউএনও আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিদর্শন না করেই ফিরে আসেন।”
পুলিশ কর্মকর্তা আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহত এসিল্যান্ডকে প্রথমে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাথা পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
এলাকাবাসী জানায়, মাঠটি রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম এবং সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি চালাচালি করে আসছে স্থানীয়রা। ১৪ জুলাই ও ১৫ অগাস্ট এই মাঠে আশ্রয়ণ প্রকল্প তৈরির প্রতিবাদে মানববন্ধনও করেছিলেন তারা। কিন্তু উপজেলা প্রশাসন তাদের দাবির প্রতি কোনো কর্ণপাত না করে আশ্রয়ণ প্রকল্প তৈরির প্রক্রিয়া এখনও চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও বিকেএসপির নিয়মিত নারী ক্রিকেটার নয়ন তারা বলেন, “আমরা গ্রামের মাঠে ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি। রক্ত থাকতে এই মাঠ বেদখল হতে দেব না।”
তিনি আরও বলেন, “সরকারের আশ্রয়ণ প্রকল্পকে আমরা স্বাগত জানাই, তবে সেটা হতে তবে অন্যত্র, খেলার মাঠ দখল করে নয়।”
এ বিষয়ে জানতে শাহজাদপুরের ইউএনও তরিকুল ইসলামকে মোবাইল করা হলেও তিনি রিসিভ করেননি।
