২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ট্রেনে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার আরও ৫

এর আগে বৃহস্পতিবার রাতে ৯ জনকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা ও রেলওয়ে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 05:40 PM

Updated : 12 Aug 2023, 05:40 PM

গাজীপুরের টঙ্গী রেল স্টেশন এলাকায় ট্রেনে ছিনতাই ও পাথর নিক্ষেপের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১। এর আগে টঙ্গী পূর্ব থানা ও রেলওয়ে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করে।

শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত দেড়টার দিকে টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের হাতে গ্রেপ্তাররা হলেন: নেত্রকোনার মো. রিপন মিয়া (২৩), মো. আলাউদ্দিন (২২), গাজীপুরের রমজান হোসেন (২২), মো. আসিফ দেওয়ান (২০) ও ভোলার মো. আইমান (১৮)।

এরা সবাই টঙ্গী ও আশপাশের এলাকায় থাকেন দাবি করে র‌্যাব জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ফোন জব্দ ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে একপর্যায়ে থেমে যায়। তখন ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে কিছু লোক ঢিল ছুড়তে থাকেন। এতে ট্রেনের কয়েক যাত্রী আহত হন; আত্মরক্ষার্থে অনেকেই ছোটাছুটি শুরু করেন। এ সময় যাত্রীদের মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশের অভিযানে স্টেশন এলাকার থেকে নয় জনকে আটক করা হয়।

পরে দিন দুপুরে ট্রেনটির টিটিই গোপালচন্দ্র বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন।

মামলার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই পাঁচ জনকে গ্রেপ্তার করল র‌্যাব।

র‌্যাব ১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা সাংবাদিকদের জানান, ট্রেনে ছিনতাইয়ের এ ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।  

আরও পড়ুন:

পুরনো খবর:

টঙ্গীতে ট্রেনে হামলা-ছিনতাইয়ের ঘটনায় মামলা
গাজীপুরে ট্রেন যাত্রীদের ওপর হামলা, পাথর নিক্ষেপ, ছিনতাই