Published : 11 Aug 2023, 07:10 PM
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি করেন ওই ঘটনায় ছুরিকাহত ট্রেনের স্টুয়ার্ড গোপাল।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানার অভিযানে স্টেশন এলাকার আশপাশ থেকে ৯ জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, চাপাতি ও ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশ কর্মকর্তা ফেরদৌস বলেন, আটক ওই ৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান জয় (২৬), রনি (৩৫), রবিউল হাসান (৪০), স্বাধীন (৩০), সাইফুল ইসলাম জাকির (২৫), মাসুদ (২৭), নাসির (২০), নয়ন হাসান (২৮) ও আশিক (২২)।
ট্রেনটির কয়েকজন যাত্রী জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়।
তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে কয়েক যাত্রী আহত হন এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
এ সময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হন।
ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতর আতঙ্কগ্রস্ত যাত্রীরা ছোটাছুটি করছেন। এ সময় বাইর থেকে পাথর নিক্ষেপের শব্দ শোনা যায়। আতঙ্কিত শিশু ও নারীরা কাঁদছিলেন। কেউ কেউ মেঝেতে শুয়ে পড়েন।
মামলার বাদী স্টুয়ার্ড গোপাল বলেন, “আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দিই। পরে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আমাকে আঘাত করা হলে হাতে ক্ষত হয়।”
রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে ওসি ফেরদৌস আহমেদ বলেন, এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।