Published : 11 Aug 2023, 11:10 AM
টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৯ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম।
ট্রেনটির কয়েক যাত্রী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়।
তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথরের ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে কয়েক যাত্রী আহত হন এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন এবং ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন।
এ সময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন যাত্রীরা।
ট্রেনের যাত্রী জাকির হোসেন বলেন, “ট্রেনটি আউটার সিগনালের পাশে দাঁড়িয়ে গেলে এক যাত্রী নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন তখন পাশের ঝোপ থেকে তিনজন ছেলে ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
“এরপর তারা ট্রেনে ইট-পাথর মারতে থাকে। এ সময় অনেকেই আহত হয়।”
স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, “আউটার সিগনালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কয়েকটি বগিতে ঢুকতে না পেরে ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।”
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯ এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে ট্রেনটি ছেড়ে যাওয়ায় আহত স্টুয়ার্ড-যাত্রী কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও করেন নি।
এদিকে, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মেহেদি হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালায় পুলিশ।
অভিযানে সুইচ গিয়ার ছুরি, দেশীয় অস্ত্রসহ ৯ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুম (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮), মো. আশিক (২২)। তারা সবাই গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বা ভাড়া থাকেন।
তাদের কাছ থেকে কয়েকটি মোবাইলও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।