নাটোরে মাদক বহনের দায়ে নারীসহ দুইজনের যাবজ্জীবন
পিপি বলেন, চলতি বছরের ২১ জানুয়ারি ২১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।
নাটোরে মাদক মামলায় এক নারীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নাটোরের জ্যৈষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আরিফুর রহমান জানান।
দণ্ডিতরা হলেন- নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার বাসিন্দা মোছা. ফাতেমা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার বাসিন্দা মো. মাসুদ রানা।
মামলার বরাত দিয়ে পিপি বলেন, চলতি বছর ২১ জানুয়ারি বিকালে চকবৈদ্যনাথ গুড়ের আড়ত এলাকায় র্যাবের চেক পোস্ট দেখে রাজশাহী থেকে নাটোর মুখী একটি মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করে।
পরে তাদের পিছু নিয়ে গতিরোধ করে মোটরসাইকেলটির আরোহী ফাতেমা ও চালক মাসুদ রানাকে আটক করে র্যাব।
আইনজীবী আরও বলেন, এ সময় তল্লাশি চালিয়ে ফাতেমার হাতে থাকা ব্যাগের ভেতরে দুইটি স্যান্ডেলের মধ্যে থেকে ২১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেকেই ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
