দাকোপ উপজেলা চেয়ারম্যানকে মারতে গেলেন আওয়ামী লীগ নেতা!
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, “মুনসুর আলী খান সভায় অসংলগ্ন বক্তব্য দিচ্ছিলেন।”
সম্মেলনকে কেন্দ্র করে ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভায় কথা কাটাকাটির এক পর্যায়ে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ‘মারার জন্য তেড়ে আসেন’ বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আলী খান। তবে অভিযোগ অস্বীকার করেছেন আবুল হোসেন।
বৃহস্পতিবার উপজেলার সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। শুক্রবার দুই নেতাই পৃথক অভিযোগ দিয়েছেন বলে জানান দাকোপ থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত।
মনসুর আলী খানের অভিযোগের বরাতে শনিবার সকালে ওসি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সুতারখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মনসুর আলী খান। তিনি বক্তব্য দেওয়ার সময় আবুল হোসেন বাধা দিয়ে বিশৃঙ্খলা করতে থাকেন।
“তখন মনসুর আলী খান বাধা দিতে নিষেধ করেন। এ সময় আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং তার মুখে ঘুষি মারতে উদ্যত হন। আশপাশের লোকজন ও মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে রক্ষা করেন। এর পর থেকে আবুল হোসেন উপজেলা চেয়ারম্যানকে নানাভাবে হুমকি দিচ্ছেন।“
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন বলেন, “ওখানে তেমন কিছুই হয়নি। মুনসুর আলী খান সভায় অসংলগ্ন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাকে নিষেধ করা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।”
দুই নেতাই প্রভাবশালী হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা কেউ এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না।
তবে সভায় উপস্থিত এক নেতা বলেন, মনসুর আলী খান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তার কিছু কথার প্রতিবাদ করেন আবুল হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল হোসেন উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খানকে ‘রাজাকার’ বলেন। জবাবে মনসুর আলী খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনকে ‘রাজাকারপুত্র’ বলেন।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লড়ে স্বতন্ত্র প্রার্থী মনসুর আলী খানের কাছে হেরে যান।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, দাকোপ উপজেলা আওয়ামী লীগের দুটি ধারা রয়েছে। একটির নেতৃত্ব দেন আবুল হোসেন; অপরপক্ষের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল মণ্ডল। মনসুর আলী খান স্থানীয়ভাবে সাবেক সংসদ সদস্যের সমর্থক হিসেবে পরিচিত।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। দুই পক্ষের নেতারা এসব সভায় অংশ নিচ্ছেন।
উপজেলা চেয়ারম্যান মনসুর আলী খান সাংবাদিকদের বলেন, “উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আবুল হোসেন আমার নামে মানহানিকর নানা অপপ্রচার চালিয়ে আসছেন। বৃহস্পতিবার রাতে সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আবুল হোসেন আমাকে মারতে উদ্যত হন।”
দলের জেলা কমিটির নেতাদের বিষয়টি জানিয়েছেন বলেও জানান উপজেলা চেয়ারম্যান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলব।”
এরপর একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।
