১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কবিতার প্রতি অমোঘ ভালোবাসায় বগুড়ায় বাংলাদেশ-ভারতের কবিদের সম্মেলন

দুই দিনের কবি সম্মেলনে প্রতিবছরের মতো এবছরও পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৩’ প্রদান করা হবে।

কবিতার প্রতি অমোঘ ভালোবাসায় বগুড়ায় বাংলাদেশ-ভারতের কবিদের সম্মেলন

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধনের অতিথিরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 10:28 PM

Updated : 01 Dec 2023, 10:28 PM

কবিতা আর কবিদের আনন্দ-উৎসব, আড্ডা, কবিতা পাঠ, সেমিনারসহ নানা আয়োজনে শুরু হয়েছে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন। কবিতার প্রতি অমোঘ ভালোবাসায় এতে অংশ নিয়েছেন বাংলাদেশ-ভারতের দুই শতাধিক কবি।

শুক্রবার সকালে দুই দিনব্যাপী এই সম্মেলনের শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রায়।  এতে নৃত্যের তালে তালে শহর প্রদক্ষিণ করেন দুই দেশের কবিরা।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান অতিথিরা।

পরে মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উদ্বোধনী আলোচনায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শোয়েব শাহরিয়ার, সভাপতি ইসলাম রফিক, সাংবাদিক আসলাম সানী, কামরুল বাহার আরিফ, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন,  বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা।

পশ্চিমবঙ্গের হাওড়ার কবিতা ক্যাম্পাসের প্রকাশক-সম্পাদক অলোক বিশ্বাস অভিব্যক্তি প্রকাশ করে বললেন, “জেলা শহরে কবিদের এমন মিলন মেলা হয়, সেখানে গুণীজনদের এই আগমন আমাকে মুগ্ধ করেছে। বন্ধ, অবরোধ উপেক্ষা করেও দূরদূরান্ত থেকে ছুটে আসাকে বুঝায় কবিতার প্রতি অমোঘ ভালোবাসা।”

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, “এমন সম্মেলন করতে পেরে আত্মার আনন্দ পাই। তাই যতই প্রতিকূলতা থাক প্রতি বছর আয়োজন করি। ভারত-বাংলাদেশের দুই শতাধিক কবির কবিতার কুহু ডাকে আন্দোলিত সম্মেলন মঞ্চ। হরতালেও এসেছেন কবিরা এটা একটা কবি- কবিতার প্রতিবাদ। ”

Image

দুই দিনব্যাপী এই সম্মেলনের শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রায়। 

অলোক পাল ও এইচ আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে মুহম্মদ শহীদুল্লাহ, নাসির সিরাজী, এম রহমান সাগরের বই এর মোড়ক উন্মোচন করা হয়।

এছাড়া অংশগ্রহণ করা কবিদের হাতে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ডনগর’ নামে একটি স্যুভেনির, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ তুলে দেওয়া হয়।

বিকালে কবিদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, সেমিনার: ‘নয়ের দশক, কতটা সংহত কতটা এলোমেলো’; সন্ধ্যায় সাহিত্য সংস্কৃতি আন্দোলনে সুধীজনদের ভূমিকা, সাহিত্য দেশে দেশে: ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন; কবির উপস্থিতিতে কবিতা আবৃত্তি ও বিভিন্ন জেলা থেকে আসা কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।  

দুই দিনের কবি সম্মেলনে প্রতিবছরের মতো এবছরও পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার—২০২৩’ প্রদান করা হবে।

এ বছর কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সুমন বণিক (‘অগ্নিশিখা’ পত্রিকার জন্য), সম্পাদক এবং প্রকাশক হিসেবে- আবু এম ইউসুফ (‘অনুপ্রাণন’ সম্পাদনা এবং প্রকাশনার জন্য), সাংবাদিকতায় মিলন রহমান (ইত্তেফাক)।

শনিবার পুরস্কার প্রদান পর্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক থাকবেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত কথাসাহিত্যিক ইকতিয়ার চৌধুরী, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কবি মাকিদ হায়দার, কবি সুনীল মাজি প্রমুখ।

শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে প্রশিকার নাটক ‘বীর পিয়ার চাঁদ’। নাটকটি রচনা করেছেন কুমার প্রীতিশ বল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।