বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পার সাড়ে ৪২ হাজার গাড়ি, টোল সোয়া তিন কোটি
ঈদযাত্রায় যানজট এড়াতে সেতুর উভয়পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
প্রকৌশলী পাভেল জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব টাঙ্গাইল অংশে ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। তার বিপরীতে এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
সেতুর পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।
তিনি বলেন, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেশি পারাপার হয়। যানজট এড়াতে উভয়পাড়ে অতিরিক্ত টোল বুথও বসানো হয়েছে।
এর আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়।
এ দিকে বঙ্গবন্ধু সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঈদের ছুটির প্রথম দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত সড়কে মঙ্গলবার ভোর রাত থেকে যানবাহন ধীর গতিতে চলছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান।
