Published : 10 Jul 2023, 11:48 PM
ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-বিএলআরআই থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরির অভিযোগ পাওয়া গেছে।
কোরবানির ঈদের আগে এই চুরির ঘটনা ঘটলেও বিষয়টি এতোদিন গোপন ছিল। সোমবার তা সংবাদকর্মীরা জানতে পারেন।
মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঈদের আগের দিন রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে৷ আমাদের এই সেডে ৩০০টি মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।”
“আমরা ডিউটি করি সকাল থেকে বিকাল পর্যন্ত। এরপর দায়িত্ব থাকে নিরাপত্তা কর্মীদের ওপর”, যোগ করেন মনিরুল।
মোরগগুলোর গবেষণার দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুন নাহার মনিরা।
তিনি বলেন, “এটা তো সম্পূর্ণই প্রশাসনিক বিষয়। তাই কোনো মন্তব্য করা ঠিক হবে না।”
বিএলআরআইয়ের নিরাপত্তা প্রধান আহসান হাবিব বলেন, “আসলে এটা তো তদন্তের বিষয়। তদন্তের পর বলা যাবে। এর আগে কিছুই বলা সম্ভব না।”
তবে মোরগ চুরির ঘটনায় এখনও থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি বলে জানা গেছে।