নির্বাচনে বাধা দিলে বিএনপিকে দলগতভাবে প্রতিহত করা হবে: নানক
“আগামী ২ আগস্ট জনসমাবেশের মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষে ভরে যাবে; সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে।”
বিএনপি বাংলাদেশের মানুষকে ভালো থাকতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, “বিএনপির কর্মসূচি মানেই জনমনে আতঙ্ক। তাদের কারণে দেশের মানুষ আতঙ্কিত হয়। তারা এখন ২০১৪-২০১৬ সালের মতো ভয়ংকর অগ্নিসন্ত্রাস করতে চায়। তবে এবার যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও শুরু করে তাহলে তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।”
সোমবার বিকালে রংপুরের আরডিআরএস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের নিয়ে এ মতবিনিময় হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, “বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পূর্বের অবস্থায় ফিরতে চাইলে কিংবা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে।
“আগামী ২ আগস্ট জনসমাবেশের মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষে ভরে যাবে। সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয়বাংলা স্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তুত।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (রাজশাহী) ও সুজিত রায় নন্দী (রংপুর)।
এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
