ছয় বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মিঠু ওই শিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন বলে জানায় পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
দণ্ড পাওয়া মিঠু ভূঁইয়া (৩১) রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মামলার বরাতে পরিদর্শক আসাদুজ্জামান বলেন, শিশু সিয়ামের বাবা মোফাজ্জল হোসেনের ট্রলিগাড়ি চালাতেন মিঠু। তাদের মধ্যে ঝগড়া হলে মিঠুকে চড় মারেন মোফাজ্জল। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সিয়ামকে কাঞ্চন সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন মিঠু।
এ ঘটনায় শিশুটির মা ফারজানা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর মিঠু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়; মামলার অপর দুটি ধারায় তাকে আরও ১৭ বছর সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।
