রাজবাড়ীর সাংবাদিকদের এক মেয়রের ‘গালাগাল’, প্রতিবাদে মানববন্ধন
এ বিষয়ে কথা বলতে ওই মেয়রের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও সারা মেলেনি।
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়রের গালাগালের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
বুধবার বেলা ১১ থেকে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, গত ১৫ অগাস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে হাসিমুখে শ্রদ্ধা জানান ওই পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়। এ কারণে দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদারকে ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেন নজরুল। একইসঙ্গে জেলার অন্য সংবাদকর্মীদেরও গালাগাল করেন তিনি। এর প্রতিবাদেই আজকের মানববন্ধন।
রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার ছাড়াও মানববন্ধনে সাংবাদিক লিটন চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, আজু শিকদার, এজাজ আহম্মেদ, শৌমিত্র শীল চন্দন বক্তব্য দেন।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন সাংবাদিকরা।
এ বিষয়ে কথা বলতে মেয়র নজরুল ইসলাম মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়েও সারা মেলেনি তার।
