২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বিধবার জমিতে মেডিকেল কলেজ স্থাপনের অভিযোগ

আদালতের আদেশ না মেনে গত ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর এই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন বলে আনোয়ারার অভিযোগ।

পঞ্চগড়ে বিধবার জমিতে মেডিকেল কলেজ স্থাপনের অভিযোগ

পঞ্চগড় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেন সৈয়দা আনোয়ারা বেগম।

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 07:30 PM

Updated : 07 Apr 2023, 07:30 PM

পঞ্চগড় সদরে এক বিধবা নারীর জমি দখল করে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের কাজ শুরুর অভিযোগ উঠেছে। 

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক সংলগ্ন দাড়িয়াপাড়ায় শনিবার নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিন ঠিক করা আছে।  

এ অভিযোগে শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সৈয়দা আনোয়ারা বেগম (৫২)। 

এই জমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও দাবি করছেন আনোয়ারা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দা আনোয়ারা বেগম বলেন, তার স্বামী মোশারফ হোসেন পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামের নিজামাবাদ মৌজায় পাঁচটি দাগে এক একর ২০ শতক জমি ক্রয় করেন। স্ত্রী ও দুই নাবালক ছেলে সন্তান রেখে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। 

তিনি জানান, স্বামীর মৃত্যুর পর তিনি পঞ্চগড় জজ আদালতে দুই নাবালক সন্তানের পক্ষে জমি বিক্রির আদেশ নিয়ে এক ব্যক্তির কাছে ৫০ শতক জমি বিক্রয় করেন। বর্তমানে ওই জমি তিনি চারপাশে সীমানা প্রাচীর দিয়ে রেখেছেন। বাকি ৭০ শতক জমি দাড়িয়াপাড়া গ্রামের আলম হোসেন নামের একজনকে বর্গা দেন। 

আনোয়ারার অভিযোগ, গত বছরের ১৩ জুন নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের পরিচালক পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম রানা সন্ত্রাসী দিয়ে ওই জমি দখল করে রাস্তা তৈরির জন্য টিনের বেড়া দিয়ে মাটি ভরাট কাজ করতে থাকেন। 

“খবর পেয়ে সেখানে গেলে আমাকে আমার জমি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে হুমকি দেওয়া হয় আবারও জমিতে এলে তোমার লাশ খুঁজে পাওয়া যাবে না।” 

পরে তার আবেদনে পঞ্চগড়ের আদালত এ জমিতে নিষেধাজ্ঞা দিয়েছে উল্লেখ করে আনোয়ারা বলেন, “আদালতের আদেশ না মেনে গত ১৭ ফেব্রুয়ারি তারা আবার আমার জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে আমি যশোরে অবস্থান করায় ছোট বোন মরিয়ম ইয়াসমিন সেলিকে ঘটনাস্থলে পাঠাই। সে সেখানে উপস্থিত হয়ে বাধা প্রদান করলে তাকেও পুলিশের সামনে ধাক্কাধাক্কি করে মারতে উদ্যত হয়।” 

এ ঘটনায় পরদিন আদালতে আরেকটি মামলা করেন বলে জানান আনোয়ারা। 

সংবাদ সম্মেলনে আনোয়ারা আরও বলেন, শনিবার একজন মন্ত্রী নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানতে পেরেছেন। 

তিনি এতিম দুই সন্তানের ভবিষ্যৎ রক্ষায় জাহাঙ্গীর আলম রানার কাছ থেকে জমি উদ্ধার করতে প্রশাসনের কাছে আবেদন জানান। 

জমি উদ্ধার না হলে শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মেডিকেল কলেজের সামনে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করার ঘোষণা দেন তিনি।  

এ বিষয়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম রানা বলেন, “আমরা আমাদের জমিতে মেডিকেল কলেজ করছি। আমরা কারো জমি দখল করিনি। আমাদের ক্রয় করা জমির মধ্যে একটি দাগে ২/১ শতক জমি কেউ দাবি করতে পারে।” 

তবে মারপিট করে কাউকে জমি থেকে বের করে দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।