৩৩ ঘণ্টা পর রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল শুরু
“জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, এই রুটে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত গোল্ডেন লাইনের বাস চলবে না।“
গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে প্রায় ৩৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।
রোববার রাত পৌনে ৯টায় রাজবাড়ী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল শুরু হয় বলে জানান রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজবাড়ী-ঢাকা রুটে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সঙ্গে কথা হয়েছে।
“জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন, এই রুটে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত গোল্ডেন লাইনের বাস চলবে না। তার কথার ওপর ভিত্তি করে রাত পৌনে ৯টা থেকে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল শুরু করা হয়েছে।
আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান আরও বলেছেন, ঈদের পর বিষয়টি নিয়ে সংসদ সদস্য শাহজাহান খানের সঙ্গে আলোচনা হবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা, খুলনাসহ আটটি রুটের সাধারণ যাত্রীরা পড়েন দুর্ভোগে। অটোরিকশা, ইঞ্জিনচালিত মাহেন্দ্র দ্বিগুণ ভাড়া নিয়েছে।
তবে অন্য জেলার দূরপাল্লার বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল করতে দেখা গেছে।
