২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে অটোরিকশা চাপায় বোনের মৃত্যু

ছোট চাচাত ভাইয়ের জন্য দোকানে দুধের প্যাকেট কিনতে গিয়েছিল মারিয়া; কেনা শেষে রাস্তা পার হওয়ার জন্য পথের একপাশে দাঁড়িয়ে ছিল সে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 07:16 PM

Updated : 26 Aug 2023, 07:16 PM

ভোলায় অটোরিকশার চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. শাহীন ফকির।

নিহত শিশুটির নাম মারিয়া। সে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. ইসমাইল কাজীর মেয়ে।

মারিয়ার চাচা আলী হোসেন জানান, ছোট চাচাত ভাইয়ের জন্য দোকানে দুধের প্যাকেট কিনতে গিয়েছিল মারিয়া। কেনা শেষে রাস্তা পার হওয়ার জন্য পথের একপাশে দাঁড়িয়ে ছিল সে। এসময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অটোরিকশা মারিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অটোরিকশাটি রাস্তার পাশের খালে পড়ে যায়।

ওসি বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । অটোরিকশাটিও হেফাজতে নিয়েছে পুলিশ। চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।