২৮ অক্টোবর বিএনপিকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না: নারায়ণগঞ্জে মির্জা আজম
মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো বিশৃঙ্খলা কিংবা নাশকতা করার চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।
আগামী ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশে দলটির নেতা-কর্মীদের ঢাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
ঢাকা বিভাগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, “সরকারের পতন ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধে যা যা করার দরকার তারা তাই করবে। এটা তাদের মরণকামড়।
“সে কারণে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের ঢাকা দখল করতে দেবো না; ২৮ তারিখে আমরাও সমাবেশ করব। আমাদের সমাবেশ হবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে।”
আগামী ৪ নভেম্বর মতিঝিলের শাপলা চত্বরে আওয়ামী লীগ বড় জনসমাবেশ করবে বলেও জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, “মিনিমাম ৩০ মিনিট মাঠে থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। ওদের মনোবল ভেঙে দিতে হবে। খালি নির্দেশ দেবেন, আমরা মাথায় কাফনের কাপড় পরে নামব। সমাবেশ করুক কিন্তু যদি ষড়যন্ত্র করে তাহলে নারায়ণগঞ্জই যথেষ্ট ওদের প্রতিহত করার জন্য।”
সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, “মাঠ আমাদের দখলে রাখতে হবে। আমরা মাঠ দখলে রেখেছিলাম বলেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পেরেছিলাম। এইবারও তাই করতে হবে। আর মাঠ দখলে রাখতে কর্মীসভার আয়োজন করতে হবে।”
নির্দেশনা পেলে বিএনপি নেতা-কর্মীরা ‘ঢাকা তো দূরের কথা গ্রাম থেকেও বের হতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দেন নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
তিনি বলেন, “ম্যাপ করে আমাদের দায়িত্ব দেন, বিএনপি আর কোনো দিন ঢাকায় প্রবেশ করতে পারবে না। ঢাকায় ঢুকবে কখন, গ্রাম থেকেই তো বের হতে পারবে না।”
মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, “নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী মিলে একটি বলয় তৈরি করতে হবে। যাতে জামায়াত-শিবির ও বিএনপি ঢাকায় প্রবেশ করতে না পারে। তাদের ঠেকানোর শক্তি আমাদের আছে।”
বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদ দেন নেতারা। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও এতে সায় দেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।
