যে কারণে বরিশালে ইলিশের আকাল
মৎস্য কর্মকর্তারা বলছেন, সামনে বড় ও ভাল পরিমাণ ইলিশ ধরা পড়বে।
ভরা মৌসুমেও বরিশালের মোকামে ইলিশের দেখা প্রায় মিলছেই না; যে অল্প পরিমাণ আসছে তার দামও আকাশচুম্বী বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।
মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কীর্তনখোলা, আড়িয়াল খাঁসহ বরিশালের আশপাশের নদীতে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। যেটা ধরা পড়ছে সেটা যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলে যাচ্ছে।
ভরা মৌসুমের বাজারে যে ইলিশ এসেছে তার আকার তুলনামূলক কিছুটা ছোট কিন্তু দাম বেশি বলে আড়ৎদাররা জানালেও মৎস্য কর্মকর্তারা বলছেন, সামনে বড় ও ভাল পরিমাণ ইলিশ ধরা পড়বে।
শনিবার নগরীর চৌমাথা, নতুন বাজার, বাংলা বাজার ঘুরে দেখা যায়, সেখানে ইলিশ মাছ নেই। সাগরদি বাজারে এক ঝুড়িতে ১০-১২টি ইলিশ ছিলো কিন্তু দাম অনেক চড়া। পোর্ট রোডের মোকামে গিয়ে দেখা মেলেনি কাঙ্ক্ষিত ইলিশের। ছয়-সাতজন বিক্রেতার ঝুড়িতে ইলিশ দেখা গেছে।
পোর্ট রোড বাজারে ইলিশের দাম অনেক চড়া। এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকার নিচে কোনো ইলিশ মাছ নেই। জাটকা ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বরিশালের স্থানীয় নদী থেকে মাছ ক্রয়কারী মো. পান্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দিন ধরে কীর্তনখোলা, আড়িয়াল খাঁসহ বরিশালের আশপাশের নদীতে জেলেদের জালে তেমন ইলিশ ধরা পড়ছে না। গত তিন দিনে জেলেদের কাছ থেকে মাত্র দুইটি ইলিশ মাছ কিনেছেন।
বিক্রেতা আলী আকবর বললেন, কোনো সাধারণ মানুষকে ইলিশ মাছের দামও জিজ্ঞাস করতে দেখা যায় না।
সামনের দুটি ঝুড়িতে রাখা মধ্যম ও ছোট আকারের ইলিশ দেখিয়ে বললেন, “মাঝারিটা ১৬০০ আর ছোটটা ১২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।”
আড়ৎদার আবুল কালাম বলেন, তার এখানে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩৫০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে। ২ হাজার ৩৫০ টাকার ইলিশের সাইজ সোয়া দুই কেজি। আর ১ হাজার ৯০০ টাকার ইলিশ দেড় কেজি ওজনের। ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে ৭০০ গ্রাম ওজনের ইলিশ। আর জাটকা ইলিশ বিক্রি করছেন ৮০০ টাকা কেজিতে।
তিনি আরও বলেন, পোর্ট রোড বাজারে এ বছর ইলিশের আমদানি খুবই কম। জেলেরা মাছ পায় না তাই খরচও পোষাতে পারে না। যা একটু পাচ্ছে তা খাজনার চেয়ে বাজনা বেশি। তাই বাজারে ইলিশ মাছের দামও অনেক চড়া বলে জানান আবুল কালাম।
পোর্ট রোড বাজারের বড় আড়ৎদার মেসার্স মনু অ্যান্ড ব্রাদার্সের ব্যবসায়ী অঞ্জন দাস জানান, যেখানে একটি আড়তের সর্বনিম্ন চাহিদা পাঁচ মণ ইলিশ সেখানে নিয়মিত এক মণ বা বেশি হলে দেড় মণ মাছ পাচ্ছে, এর বেশি পাচ্ছে না কেউ।
তিনি আরও বলেন, “ইলিশ মাছের ধর্ম হচ্ছে উজান ঠেলা। স্রোতের বিপরীতে চলা। চলতি বছর পর্যাপ্ত উজান হচ্ছে তারপরও ইলিশের দেখা নেই নদীতে। সাগরে যাও কিছুটা পাওয়া যাচ্ছে তা আর এদিকে আসেনি। বরগুনা, পাথরঘাটা, গলাচিপা থেকেই রপ্তানি হয়ে গেছে।
অঞ্জন আরও বলেন, “এ বছর নিষেধাজ্ঞা চলাকালে প্রচুর ইলিশ পোনা ধরা হয়েছে এবং চাপালি মাছের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই পোর্ট রোড বাজারেই কয়েক হাজার টন চাপালি নামে ইলিশের বাচ্চা বেচাকেনা হয়েছে। যা প্রশাসন হয়তো বুঝতেই পারেনি।”
এদিকে এখানে নিষেধাজ্ঞা চলাকালে ভারতের জেলেদের মাছ ধরাটাও একটা বড় সমস্যা বলে দাবি করেন এই ব্যবসায়ী।
অঞ্জন দাসের সঙ্গে সহমত পোষণ করেন পাশের বড় আড়ৎদার মেসার্স ইয়ার হোসেন সিকদারও। এই ব্যবসায়ী বলেন, গত জানুয়ারিতে তীব্র শীতেও এই মোকামে সর্বনিম্ন ৫৫০ মণ ইলিশ এসেছে। সেখানে চলতি বর্ষার ভরা মৌসুমে সবগুলো আড়ৎ মিলিয়ে ১০০ মণ ইলিশ আসেনি। এটা ভয়ের কথা বলে জানান তারা।
তবে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, “বরিশালের মোকামে ইলিশ কম সত্যি। কিন্তু যা আছে তার আকৃতি খুবই সুন্দর ও বড় জাতের। প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। তাই মাছ কিছুটা কম এই অঞ্চলে।
পানি নামার যে ঢল তা ইলিশের জন্য উজান ঠেলার উপযোগী নয়। তবে মনপুরা, কক্সবাজার এলাকায় কিন্তু প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে জানান তিনি।
বিমল চন্দ্র দাস আরও বলেন, “চাপলি নামে ইলিশের ছাও (বাচ্চা) সবসময়ই কিছু না কিছু ধরা হয়েছে। ওটা চাপলি ধরা জ্বালে ফেঁসে গেলে আর কিছু করার থাকে না। তবে সেটা কারণ নয়, ইলিশ এখন বরিশালের মোকামে এমনিতেই কম আসবে। কারণ, মোকামে মাছের নৌকা আসা কমে গেছে।
“অনেক স্থানেই সড়ক যোগাযোগ সহজ হয়েছে। পদ্মা ও পায়রা সেতুর সুফল এটাই। গলাচিপা, বামনা, পাথরঘাটা অঞ্চলের জেলেরা এখন আর বরিশাল নির্ভর নয়। তারা এখন সরাসরি কারওয়ান বাজার বা যাত্রাবাড়ী বাজারে ইলিশ নিয়ে যাচ্ছে”, যোগ করেন মৎস্য কর্মকর্তা।
