২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় মৃত, ‘জীবিত হবেন’ নির্বাচনের পর

ওই বৃদ্ধের ভোট দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “আগে আসলে পারতাম, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে সম্ভব নয়।”

ভোটার তালিকায় মৃত, ‘জীবিত হবেন’ নির্বাচনের পর

৯০ বছর বয়সি বৃদ্ধ রফিজদ্দিন হাওলাদা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:02 PM

Updated : 13 Dec 2023, 11:08 PM

বরিশালের মুলাদীতে বিক্রি করা জমির দলিল করে দিতে গিয়ে নিজেকে ‘মৃত’ জানলেন এক বৃদ্ধ। পরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জীবিত উল্লেখ করে দেওয়া প্রত্যয়ন নিয়ে দলিল করেন।

সেই ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না। উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচনের পর তার নাম ‘মৃত’র তালিকা থেকে সরানোর আশ্বাস দিয়েছেন।

৯০ বছর বয়সি বৃদ্ধ রফিজদ্দিন হাওলাদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম চর নাজিরপুর গ্রামের ইসরাইল হাওলাদারের ছেলে।

তিনি সাংবাদিকদের জানান, তার জাতীয় পরিচয়পত্রটি (এনআইডি কার্ড) হারিয়ে গেছে। এ অবস্থায় জমির দলিল করে দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি খুঁজতে গিয়ে পাননি তিনি। পরে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পরিচয়পত্রের অনুলিপি তোলেন।

এতে রফিজদ্দিনের জন্ম ১৯৩৩ সালের ১৩ মে, পরিচয়পত্র নম্বর ২৮৪৮০২০৯৪৩, ভোটার নম্বর ০৬১৩০৯৭৩৯০৫০ উল্লেখ থাকলেও ভোটার ক্রমিক নম্বর- ০ ও স্টেটাসে (অবস্থা) মৃত দেখা যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা পরিচয়পত্রের অনুলিপি প্রিন্ট করে দিয়েছেন জানিয়ে রফিজদ্দিন বলেন, সেখানে তার অবস্থা মৃত দেখানো হয়েছে।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রফিজদ্দিন নির্বাচন কার্যালয়ে এসেছিলেন। আমি সার্চ দিয়ে দেখলাম, ডেড ভোটার। হয়ত তথ্য সংগ্রহকারীরা ভুল করেছেন। তাকে বলেছি, নির্বাচনের পর বিষয়টি ঠিক করে দেওয়া হবে।”

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই বৃদ্ধ ভোট দিতে পারবেন কি না জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “এ অবস্থায় তিনি (রফিজদ্দিন) ভোট দিতে পারবেন না।

আগে আসলে পারতাম, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে সম্ভব নয়।”

মুলাদী উপজেলা সাব-রেজিস্টার পার্থ প্রতীম মুর্খাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে জমি হস্তান্তর করতে জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন যাচাইয়ের অনুলিপি প্রয়োজন হয়। অনলাইনে যাচাই করতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। নির্বাচন অফিস থেকে সে জীবিত থাকার একটি কাগজ দেওয়ার পর দলিল সম্পাদন করা হয়েছে।”