ছেলেশিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের কারাদণ্ড
নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দিয়েছেন।
নীলফামারীতে ছেলেশিশুকে যৌন নিপীড়নের দায়ে আট বছর পর এক যুবককে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মাহাবুবুর রহমান এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আল মাসুদ আলাল।
সাজাপ্রাপ্ত সাকিব রহমান কাটু (২৬) ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের উত্তর কেতকিবাড়ি দালালগঞ্জ গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী জানান, ২০১৪ সালের ৭ অগাস্ট বিকালে নয় বছরের এক ছেলেশিশুকে বাড়ির পাশের একটি স্কুলে নিয়ে যৌন নিপীড়ন করেন আসামি। পরেরদিন শিশুটি অসুস্থ হলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৮ অগাস্ট শিশুটির মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সাকিব রহমান কাটুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীবী আল মাসুদ আলাল বলেন, আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
