ভাইকে হত্যা করে ভাবিকে বিয়ে, ২৫ বছর পর গ্রেপ্তার দুজন
পিরোজপুরে ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর দুই আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়; এরপর থেকে তারা পলাতক ছিলেন।
পিরোজপুরের কাউখালীতে এক ব্যক্তিকে হত্যায় দণ্ডিত স্ত্রী ও ছোট ভাই ২৫ বছর পর গ্রেপ্তার হয়েছেন; যারা এ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত।
শনিবার রাতে ঢাকার ডেমরা থানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি মো. জাকারিয়া।
নিহত মাহাবুবুর রহমান কাজী উপজেলা সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। গ্রেপ্তাররা হলেন নিহতের ছোট ভাই তোহেবুর কাজী (৭০) ও তার স্ত্রী আলেয়া বেগম (৬০)।
মামলার বরাতে ওসি মো. জাকারিয়া জানান, মাহাবুব কাজীর স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে তোহেবুর কাজীর প্রেম হয়। ১৯৯৮ সালের ১৭ জুন বিষয়টি জানাজানি হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে আলেয়া বেগম ও তোহেবুর কাজী পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাহাবুব কাজীকে হত্যা করেন। পরে তোহেবুর কাজী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে ঢাকায় পালিয়ে আসেন।”
ওসি আরও জানান, ঘটনার পরদিন নিহতের আত্মীয় মুক্তি বেগম বাদী হয়ে তোহেবুর কাজী ও আলেয়া বেগমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
“সেই মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গোপন খবর পেয়ে ঢাকার ডেমরার এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করে কাউখালীতে নিয়ে যায় পুলিশ।
রোববার তাদের পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাকারিয়া।
