নীলফামারীতে পুড়ল ১১ বসতঘর
“পরিবারগুলো নিম্নআয়ের। তাদের শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে।”
নীলফামারী সদর উপজেলায় ১১টি বসতঘর পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হেলাবট দোলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নীলফামারী স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন জানান।
গ্রামের হবিবর রহমান, গোলাম কিবরিয়া, জহুরুল ইসলাম, নুরুল হক, মজিবর রহমানের ১১টি টিনের ঘর পুড়েছে।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের শারমিন আক্তার জানান, হবিবর রহমানের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় দুটি গরু দগ্ধ হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।“
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় বলেন, “হবিবর রহমানের বাড়ির কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তারা সব হারিয়েছে। পরিবারগুলো নিম্নআয়ের। তাদের শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে।
সরকারিভাবে তাদের সাহায্যের চেষ্টা করা হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করে প্রত্যেক পরিবারকে দুই হাজার টাকা এবং দুটি করে কম্বল দিয়েছেন।
