১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

কানাডার সামরিক ঘাঁটিতে ‘গুরুতর ঘটনা’র পর প্রাণঘাতী অগ্নিকাণ্ড

অ্যালবার্টা প্রদেশের ওয়েনরাইটের স্থানীয় সরকার জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

কানাডার সামরিক ঘাঁটিতে ‘গুরুতর ঘটনা’র পর প্রাণঘাতী অগ্নিকাণ্ড

কানাডার অ্যালবার্টা প্রদেশের ওয়েনরাইট ঘাঁটিতে আগুনের সূত্রপাত হয়। ছবি: গুগল ম্যাপ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Oct 2026, 12:54 PM

Updated : 18 Oct 2026, 12:54 PM

কানাডার একটি ব্যস্ততম সামরিক ঘাঁটিতে একটি অনির্দিষ্ট ‘গুরুতর ঘটনার’ পর ছড়িয়ে পড়া বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানি ও অনেকে আহত হয়েছেন।

শনিবারের এই আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ এখনও কাজ করে যাচ্ছে বলে সিএনএন জানিয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অ্যালবার্টা প্রদেশের ওয়েনরাইট ঘাঁটিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সরকার শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাদের ফেইসবুক পোস্টে বলেছে, “প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।”

ওয়েনরাইট রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল প্রায় ৪টার দিকে সহায়তা চেয়ে ফোন করা হয়।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, “ঘাঁটিটিতে ঘটা এক ঘটনার কারণে প্রাণহানি ও আহত, উভয়ই ঘটেছে।”

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বা কতোজন হতাহত হয়েছেন, তার বিস্তারিত জানাননি তিনি। কিন্তু অবস্থাকে ‘সক্রিয় ও নাজুক পরিস্থিতি’ বলে বর্ণনা করেছেন তিনি। ‘আগুন এখনও জ্বলছে’ আর এ বিষয়ে শিগগিরই একটি তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, কানাডার সামরিক বাহিনী ও রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তদন্তে নেতৃত্ব দেবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অ্যালবার্টার প্রাদেশিক সরকার ও স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ‘নিবিড়ভাবে কাজ করছে’।

আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে দেশটির সামরিক বাহিনীর ১৩১০ জন সামরিক ও বেসামরিক কর্মী ছিল। ৬৬০০ জন বাসিন্দার ওয়েনরাইট শহরটি এর ঠিক উত্তরদিকে অবস্থিত।

সামাজিক মাধ্যমে স্থানীয় সরকার জানিয়েছে, আগুন সামরিক ঘাঁটির বেড়া অতিক্রম করে নিকটবর্তী এলাকাগুলোতে ছড়িয়েছে, তবে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার কোনো নোটিশ দেওয়া হয়নি।

কানাডার সামরিক বাহিনীর প্রধান জেনারেল জেনি ক্যারিগনান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কানাডীয় বাহিনী ফেডারেল, প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে পুরোপুরি সংযুক্ত রয়েছে।