গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে পর্যটকদের বাসে ‘এসি বিড়ম্বনা’
এসি নষ্ট থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় হিংস্র প্রাণী বেষ্টনীতেও বাসের জানালা খুলে দিচ্ছেন।
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হিংস্র প্রাণী থাকায় পর্যটকবাহী বাসের দরজা-জানালা বন্ধ করেই ভ্রমণের নিয়ম। কিন্তু অধিকাংশ বাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসি বিকল থাকায় দর্শনার্থীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শনার্থীদের ভ্রমণের জন্য আটটি বাসের ছয়টির এসি বিকল হয়ে আছে। ফলে বাসে চড়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ পর্যটকরা অনেক সময় বাসের জানালা খুলে দিচ্ছেন। তাতে আনন্দ-ভ্রমণের সময়ও চালক-পর্যটকদের আতঙ্কে থাকতে হচ্ছে।
গত রোববার পার্কে গিয়ে দেখা যায়, পার্কটির কোর সাফারির বাঘ-সিংহ-ভালুক বেষ্টনীতে প্রবেশ করতে রওনা হয়েছে পর্যটকবাহী একটি বাস। বেষ্টনীতে প্রবেশ করার আগেই চালক আল আমিন দর্শনার্থীদের বাইরে হাত বা মাথা বের না করার জন্য সতর্ক করে দিচ্ছেন।
কিন্তু এসি বিকল থাকায় বাসটিতে চলার কিছুক্ষণের মধ্যে অভিভাবকদের সঙ্গে আসা শিশুরা গরমে অতিষ্ঠ হয়ে কান্নাকাটি শুরু করে। পরে বাধ্য হয়ে অনেকে বাসের জানালার কাচ খুলে দেন।
বাসটি হিংস্র ওইসব প্রাণীর বেষ্টনীতে ঢুকলেও জানালা বন্ধ করেননি তারা। কিছু পর্যটক আবার খোলা জানালা দিয়ে হাত বের করে ছবি তুলছিলেন।
চালকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর আগে কেনা আটটি বাসের মধ্যে ছয়টির এসি বিকল রয়েছে। তাই নিষেধ করার পরও অনেক সময় বাসের জানালার কাচ খুলে দিচ্ছেন দর্শনার্থীরা।
গত শনিবার ময়মনসিংহ থেকে পার্কে বেড়াতে আসেন গৃহবধূ শারমিন আক্তার। তিনি জানান, তারা শিশু সন্তানসহ ১০ জন পার্কে এসেছেন।
“কোর সাফারি পার্কে জন্তু দেখতে বাসে উঠে দেখি, তাতে এসি সচল নেই; পরে জানতে পারি এসি নষ্ট। কিছু দূর চলার পর গরমে যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েন। এক সময় আমার সঙ্গে থাকা শিশুসন্তানও গরমে কান্না শুরু করে। এ অবস্থায় বাসের জানালা খুলে দিলে তার কান্না থামে।
“টাকা দিয়ে টিকেট কেটেও উৎকণ্ঠা আর ভোগান্তির মধ্য দিয়ে আনন্দ ভোগ করতে হয়েছে।”
একই কথা জানালেন নরসিংদীর মাধবদী থেকে পার্কে আসা আব্দুর রাজ্জাক নামের এক পর্যটক।
২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় আটটি এসি বাস ও দুটি জিপ নিয়ে দর্শনার্থী ও কর্মকর্তাদের পরিবহন সেক্টরের যাত্রা শুরু। কিন্তু কয়েক বছর ধরেই বাসগুলোর অবস্থা খারাপ হয়ে পড়েছে। প্রতিনিয়ত মেরামত করেই এখন যানগুলো চালাতে হচ্ছে।
এ ছাড়া পার্কের প্রধান আকর্ষণ ‘কোর সাফারি’ এলাকায় চলাচলের রাস্তায় ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে চলছে পর্যটকবাহী বাস।
গত শুক্রবার দুপুরে পর্যটক নিয়ে ভ্রমণের সময় বাঘ বেষ্টনীর রাস্তার গর্তে পড়ে একটি বাস বিকল হয়ে যায়। এতে বাসে থাকা দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। চালক ও পার্ক কর্তৃপক্ষ প্রায় ৩০ মিনিট পর ঝুঁকি নিয়ে দমবন্ধ অবস্থা থেকে পর্যটকদের উদ্ধার করে।
বাসচালক আল আমিন জানান, রাস্তায় ছোট-বড় খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকে। এসব পথে চলতে গিয়ে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ছে।
পার্কটির দেখভালের দায়িত্বে থাকা ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা শারমীন আক্তার বলেন, বিষয়গুলো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তাদের জানিয়েছেন। তবে সরকারি কোনো বরাদ্দ না থাকায় নতুন বাস কেনা সম্ভব নয়। তাই মেরামতের ব্যবস্থাই নেওয়া হবে। আর রাস্তাও সংস্কার করে দেওয়া হবে।
