০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

যেখানে জীবনের সফল ও সুন্দর কয়েকটি বছর কাটিয়েছেন, সেখানে এমন সম্মান পেয়ে আপ্লুত ব্রাজিলিয়ান তারকা।

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

মিলান ডার্বির আগে মাঠে ব্রাজিলিয়ান তারকা কাকা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 03:30 PM

Updated : 01 Nov 2026, 03:30 PM

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, সেই ক্লাবের গ্রেটদের মাঝে জায়গা পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কাকা। প্রিয় সমর্থকদের মাঝে আবার আসতে পেরে, তাদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত ব্রাজিলিয়ান তারকা।

সান সিরোয় শনিবার রাতে মাঠে গড়ায় মৌসুমের প্রথম মিলান ডার্বি। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের আগে এসি মিলানের ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয় কাকাকে। বিশ্বকাপজয়ী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দাঁড়িয়ে সম্মান জানায় পুরো গ্যালারি।

যে আঙিনায় অসংখ্য সাফল্য উপভোগ করেছেন, কাটিয়েছেন ক্যারিয়ারের সুন্দর কয়েকটি বছর, সেখানে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে দেখা যায় কাকাকে, তার চোখ ভিজে ওঠে। কথা বলার সময় তার কণ্ঠও ধরে আসে।

“সান সিরোয় যখন আমি মিলানের সমর্থকদের মাঝে থাকি, তখন আমার মধ্যে যে অনুভূতি কাজ করে, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার জন্য এটা স্পেশাল একটা দিন।”

এসি মিলান ও ব্রাজিলের সবশেষ খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে ব্যালন দ’র জয় করেন কাকা। মিলানের এই ক্লাবে প্রথম মেয়াদে ২০০৩ থেতে ২০০৯ পর্যন্ত খেলেন তিনি। ওই সময় একটি সেরি আ এবং আর কয়েকটি শিরোপাসহ ২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন কাকা।

চ্যাম্পিয়ন্স লিগের ওই আসরে ১০টি গোল করেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ভর করেই সেই মৌসুমের ইউরোপ সেরার ট্রফি জয় করে মিলান এবং ওই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই সেই বছরের ব্যালন দ’র, ফিফা বর্ষসেরা ও উয়েফা ক্লাব বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

আগামীতে আরও ব্রাজিলিয়ান ফুটবলারকে মিলানে দেখতে চান কিনা, এমন প্রশ্নের উত্তরে ক্লাবটির হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল ও ৮১টি অ্যাসিস্ট করা তারকা বলেন, “ব্রাজিলিয়ান খেলোয়াড়দের আমি শীর্ষ ক্লাবে দেখতে চাই- আমি তাদের আবার মিলানে দেখতে চাই।”

রেয়াল মাদ্রিদে সাফল্যে ভরা সময় কাটিয়ে গত বছর মিলানে যোগ দিয়েছেন আরেক ব্যালন দ’র জয়ী লুকা মদ্রিচ। ৪১ বছর বয়সি এই ক্রোয়াট মিডফিল্ডারেরও স্তুতি করেন কাকা।

“আমি লুকা মদ্রিচকে অনেক পছন্দ করি, সে আমার বন্ধু।”

বিশেষ রাতে পরে প্রিয় ক্লাবের দারুণ এক জয় উপভোগ করেন কাকা। সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় তার উত্তরসূরিরা।