ইন্টারকে ‘প্রথম’ হারের স্বাদ দিল এসি মিলান
দারুণ জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা অজেয় যাত্রা অব্যাহত রাখল এসি মিলান।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করল ইন্টার মিলান। খানিক বাদে আরেকটি। একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও, হার এড়াতে পারল না দলটি। মৌসুমের প্রথম মিলান ডার্বি জিতে লিগ টেবিলের শীর্ষ চারে ফিরল এসি মিলান।
সান সিরোয় শনিবার রাতে সেরি আর ম্যাচে ৩-১ গোলে জিতেছে এসি মিলান।
এবারের সেরি আয় এই প্রথম হারের তেতো স্বাদ পেল ইন্টার।
ক্রিস্টিয়ান পুলিসিক দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান আদ্রিয়া হাবিয়া। আলেস্সান্দ্রো বাস্তোনি ব্যবধান কমানোর পর, প্রথমার্ধেই বিজয়ীদের তৃতীয় গোলটি করেন ডিয়েগো মোরেরা।
বেশিরভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি গোলের জন্য বেশি শটও নেয় ইন্টার। ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে ১৯ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা। আর মিলানের সাত শটের চারটি লক্ষ্যে ছিল, তাতে বাজিমাত করল দলটি।
সাম্প্রতিক সময়ে মিলান ডার্বিতে বারবার পথ হারিয়েছে ইন্টার। এসি মিলানের বিপক্ষে আগের তিন ম্যাচেই পরাজিত দল তারা। নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ইন্টার জয়ের দেখা পায়নি আগের সাত ম্যাচে, তাদের এই হতাশাময় যাত্রা দীর্ঘ হলো আরও।
১০ মিনিটের মধ্যেই দুইবার জালে বল পাঠিয়ে ম্যাচে চালকের আসনে বসে এসি মিলান।
চতুর্থ মিনিটে ডিয়োগো মোরেরার ক্রসে হেডে দলকে এগিয়ে নেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড পুলিসিক। ছয় মিনিট পর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়া হাবিও। এই গোলেও জড়িয়ে মোরেরার নাম। বেলজিয়ান মিডফিল্ডারের পাস ডি-বক্সে পেয়েই প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার।
২২তম মিনিটে কাছ থেকে হেডে ব্যবধান কমান ইতালিয়ান ডিফেন্ডার বাস্তোনি। তবে ইন্টারের ওই স্বস্তি প্রথমার্ধের শেষ দিকে আবার কেড়ে নেয় মিলান।
দলের প্রথম দুই গোলে অবদান রাখা মোরেরা এবার নিজেই অসাধারণ নৈপুণ্যে স্কোরশিটে নাম লেখান। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে চমৎকার ফ্রি কিকে রক্ষণপ্রাচীরর ওপর দিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে লাৎসিও।
১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমা। আর তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে মিলান।
