২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

সকালে বাসা থেকে মোটরবাইকে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন খোকন।

নরসিংদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 03:43 PM

Updated : 21 Oct 2023, 03:43 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কারারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

৩৫ বছরের আনিসুজ্জামান খোকন নরসিংদীর রায়পুরা উপজেলার শাওরাতলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি শিবপুরের কারারচর এলাকার থার্মেক্স গ্রুপের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বোন জামাই মো. বোরহান উদ্দিন জানান, আনিসুজ্জামান খোকন সকালে বাসা থেকে মোটরবাইকে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।