সিরাজগঞ্জে ৩ খুনের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড
২০১৬ সালের ৩১ জুলাই আসামিরা তিনজনকে গলায় রশি পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে।
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই নারী ও এক শিশু হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা অফিস পাড়ার হাজী আব্দুল মুন্নাফের ছেলে আল আমিন (৩৬) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পবাহার নয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭)।
প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নয়ন সরকার নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, গাজীপুরের মাওনা চৌরাস্তায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন আল আমিন। ওই সময় শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের বাদল মণ্ডলের স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তারা গোপনে বিয়ে করেন।
কিন্তু পরে আল আমিন চাপের মধ্যে নাসরিন আক্তারকে তালাক দেন। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। কিছুদিন পরে আল আমিন ও নাসরিনের মধ্যে মনোমালিন্য হয়।
২০১৬ সালের ৩১ জুলাই নাসরিন আক্তার, তার ফুপু মেহেরুন নেছা ও ভাগ্নি জাইমাকে (৫) সঙ্গে নিয়ে আল আমিনের সঙ্গে তার দোকানে দেখা করতে যান। তাদেরকে দোকানের পেছনের বিশ্রাম রুমে বসতে দেওয়া হয়।
মামলায় বলা হয়, তারপরই আসামিরা তিনজনকে গলায় রশি পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর মরদেহগুলো বস্তায় ভরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে যমুনা নদীতে ফেলে দেয়।
পরের দিন ভাসমান অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না পাওয়ায় এনায়েতপুর থানার এসআই আজগর আলী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
