২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমছড়ি সৈকতে ভাসছে জালে পেঁচানো মৃত তিমি

“মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে কিংবা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিমিটির মৃত্যু হতে পারে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 04:52 PM

Updated : 18 Apr 2023, 04:52 PM

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সংলগ্ন অদূরবর্তী সাগরে মাছ ধরার জালে পেঁচানো একটি বিশালাকৃতির মৃত তিমি ভাসতে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত হিমছড়ি থেকে দরিয়ানগর পয়েন্ট এ মৃত তিমিটি দেখা গেছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম মো. মাসুম বিল্লাহ।

স্থানীয়দের বরাতে মাসুম বিল্লাহ বলেন, মঙ্গলবার সকালে কক্সবাজার হিমছড়ি পয়েন্ট সংলগ্ন অদূরবর্তী সাগরে একটি বড় আকারের মৃত তিমি ভাসতে দেখেন স্থানীয় লোকজন ও জেলেরা। পরে স্থানীয়রা প্রশাসন, বনবিভাগ ও পুলিশের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেন।

“খবর পেয়ে জেলা প্রশাসনের পর্যটনের কয়েকজন বিচকর্মী স্প্রিডবোট করে সাগরে ভাসমান তিমিটির কাছে পৌঁছান। এ তিমিটির শরীরে মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় দেখা গেছে।”

বিচকর্মীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, “মৃত তিমিটি আনুমানিক ৫০ ফুট দৈর্ঘ্যের। ধারণা করা হচ্ছে- তিমিটি অন্তত সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে। এটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “বিকাল ৩টা পর্যন্ত তিমিটি সাগরের পানিতে ভাসতে দেখা গেছে। এটি জোয়ার-ভাটায় ভেসে না এলে কূলে আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বন বিভাগসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বুরি) মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল বলেন, “মঙ্গলবার সকালে সাগরে মৃত একটি তিমি ভাসার খবর পেয়ে বুরির একটি দল ড্রোনের মাধ্যমে ছবি ও ভিডিও চিত্র সংগ্রহ করে। পরে ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, মৃত তিমিটি ‘ব্রাইডস’ প্রজাতির।

"তিমিটির শরীর মাছ ধরার জাল পেঁচানো অবস্থায় রয়েছে। তিমিটি মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।"

তিনি আরও বলেন, "মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্যকোন কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।

তিমিটি জোয়ার-ভাটার কারণে প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করছে। এটি কূলে ভেসে এলে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান এই সমুদ্রবিজ্ঞানী।