১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ২৮ বাল্কহেড-ড্রেজারসহ আটক ৬২

চাঁদপুর নৌপুলিশের এসপি জানান, পদ্মা-মেঘনায় রাতের বেলায় ড্রেজার চালানো, বালু উত্তোলন ও বাল্কহেড চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু অনেকে তা অমান্য করছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 09:16 PM

Updated : 06 Aug 2023, 09:17 PM

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮টি বাল্কহেড, তিনটি ড্রেজারসহ ৬২ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌপুলিশের পাঁচটি ইউনিট অভিযান চালায় বলে চাঁদপুর নৌ থানার ওসি কামরুজ্জামান জানান।

চাঁদপুর নৌপুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পদ্মা-মেঘনায় রাতের বেলায় ড্রেজার চালানো, বালু উত্তোলন ও বাল্কহেড চলাচল নিষিদ্ধ রয়েছে। কিছু মালিক ও শ্রমিক নিষেধাজ্ঞা অমান্য করে রাতে অবাধে বাল্কহেড চালায়।

“যে বাল্কহেডগুলো জব্দ করা হয়েছে এগুলোর প্রত্যেকটি মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তোলা বালু বহন করে নিয়ে যাচ্ছিল।”

জব্দ বাল্কহেড-ড্রেজার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এসপি বলেন, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে গত রাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবে হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, এখনও নিখোঁজ ৫
মুন্সীগঞ্জে বালুবাহী নৌযানের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮

অভিযানের সময় চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, আলুর বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ কেএম মনিরুজ্জামান, নিলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান উপস্থিত ছিলেন।