সিত্রাং: পিরোজপুরে প্রস্তুত ২৬০ আশ্রয়কেন্দ্র
আশ্রয় কেন্দ্রে যারা আসবে, প্রাথমিক পর্যায়ে তাদের জন্য ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে পিরোজপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বইছে। মানুষকে নিরাপদে রাখতে প্রস্তুত করা হয়েছে ২৬০টি আশ্রয়কেন্দ্র।
দমকা হাওয়ায় সোমবার সকালে জেলার ইন্দুরকানী, ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলায় গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে কারো হতাহত হওয়ার তথ্য মেলেনি।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সিত্রাং মোকাবেলায় প্রস্তুত ২৬০টি আশ্রয় কেন্দ্রে ১ লাখ ৫৩ হাজার ২৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া আরও ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা আছে, যেখানে আশ্রয় দেওয়া যাবে ১ লাখ ২৮ হাজার ২৫০ জনকে। তাদের জন্য প্রাথমিক পর্যায়ে ২ হাজার প্যাকেট শুকনা খাবার, ২৫০ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী জানান, তাদের মোট ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং স্যালাইনসহ বিভিন্ন ওষুধের পর্যাপ্ত যোগান রয়েছে।
এদিকে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা, বড়মাছুয়া এবং ইন্দুরকানী উপজেলার টগরাফেরিঘাট এলাকার প্রায় ২৩ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মো. মেহেদী হাসান জানিয়েছেন।
মঠবাড়িযার খেতাছিড়া, কঁচুবাড়িয়া ও বড়মাছুয়া ভাঙন এলাকায় কিছু গাইড ওয়াল দেওয়া হয়েছে। এছাড়া ৮৩০ কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে।
পাউবি প্রকৌশলী বলেন, তাদের হাতে বেশ কিছু জিও ব্যাগ প্রস্তুত রয়েছে; যা জরুরি কাজের সময় ব্যবহার করা যাবে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, দুর্যোগকালীন সবধরনের নিরাপত্তা ও সহযোগিতার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন।
