বরগুনায় ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলায় নারীর কারাদণ্ড
২০১৯ সালে আবুল কালাম বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে সম্মানহানি ও সামাজিক ক্ষতির অভিযোগ এনে একই আদালতে পাল্টা মামলা করেন।
বরগুনায় ধর্ষণের চেষ্টার মিথ্যা মামলা করায় এক গৃহবধূকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল।
দণ্ডিত ওই নারী আমতলী উপজেলার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পিপি মোস্তাফিজুর বলেন, ওই এলাকার আবুল কালাম প্রায়ই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। ২০১৮ সালে ১৬ জানুয়ারি বিকালে আবুল কালাম ওই নারীর বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি বলেন, এ ঘটনায় আবুল কালামের বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগ করেন ওই নারী।
পরে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন জমার নির্দেশ দেয়। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন।
আইনজীবী আরও বলেন, প্রতিবেদনে বলা হয়, ওই নারীর করা অভিযোগ মিথ্যা। ফলে আদালত ২০১৮ সালের ২০ নভেম্বর ওই মামলা খারিজ করে দেয়।
এরপর ২০১৯ সালের ২০ মার্চ আবুল কালাম বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে সম্মানহানি ও সামাজিক ক্ষতির অভিযোগ এনে একই আদালতে পাল্টা মামলা করেন।
বিচার কাজ শেষে আদালত ওই নারীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
ওই নারীর আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, “এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।”
