সাদুল্লাপুর প্রেসক্লাবের নেতৃত্বে রেজা-খোরশেদ
বার্ষিক সাধারণ সভায় তাজুল ইসলাম রেজাকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করা হয়।
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১১ সদস্যের সতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে।
প্রেসক্লাব ভবনে বিদায়ী সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশের সঞ্চালনায় ও সভাপতি শাহজাহান সোহেলের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে তাজুল ইসলাম রেজাকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করা হয়।
এর আগে, সকালে ফ্যামিলি ডে ঘিরে সকল সাংবাদিকের পরিবারের সদস্যদের উচ্ছ্বাস-আনন্দে ভরে ওঠে সাদুল্লাপুর প্রেসক্লাব প্রাঙ্গণ। দুপুরে সাংবাদিক পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় খেলাধুলায় অংশ নেন। এরপর সাংবাদিকদের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া র্যাফেল ড্র ও ফ্যামিলি ডেতে অংশ নেওয়া প্রত্যেক পরিবারের হাতে আকর্ষণীয় উপহার সামগ্রী দেওয়া হয়।
সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সাবেক সভাপতি ছামছুল হক কাজল ও সাগর-রুনির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জিল্লুর রহমান পলাশ সাধারণ সম্পাদক প্রতিবেদন পাঠ করেন। আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন বিদায়ী অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফারুক।
কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, অর্থ সম্পাদক নয়ন কুমার সাহা, কার্যনির্বাহী সদস্য শাহজাহান সোহেল, জিল্লুর রহমান পলাশ, আমিনুল ইসলাম, সাইদুর রহমান, ছোলায়মান সরকার ও জাহাঙ্গীর আলম।
সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
