২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালে পড়েছিল বিদ্যুতের তার, চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজারও মৃত্যু

এক্সকাভেটর দিয়ে গ্রামে মাটি খননের কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল।

খালে পড়েছিল বিদ্যুতের তার, চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজারও মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যুর পর স্বজনদের আহাজারি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 05:39 PM

Updated : 18 Oct 2023, 05:39 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়ায় এ ঘটনা ঘটে বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের মাছেম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭০) এবং তার ভাই মো. আনোয়ার মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এক্সকাভেটর দিয়ে গ্রামে মাটি খননের কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। এতে পুরো খালের পানি বিদ্যুতায়িত হয়ে যায়।

বিষয়টি না জেনে দুপুরে খালের পানিতে গোসল করতে নামেন নুরু মোল্লা। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। সেটি দেখে শামীম তাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুতায়িত হন।      

তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি স্বপন কুমার মজুমদার আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পাইনি।