২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নলকূপ বসানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

পুলিশ জানায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন ১৫ জন শ্রমিক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 04:00 PM

Updated : 06 Mar 2024, 04:09 PM

নরসিংদীর মনোহরদী উপজেলায় গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান।

নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) এবং রাকিবুল হাসান (১৭)।

স্থানীয়দের বরাতে ওসি কাশেম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য রুবেল ও রাকিবুলসহ অন্তত ১৫জন শ্রমিক কাজ করছিলেন।

“সকাল সাড়ে ৮টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন রুবেল ও রাকিবুল।”

এ সময় বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি বলেন, তাদের লাশের সুরতহাল তৈরি শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।