অবরোধের দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে বিএনপির ১১ কর্মী আটক
অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
বিএনপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে দলটির ১১ কর্মীকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, অবরোধে বিভিন্ন সড়কে পিকেটিং করার অভিযোগে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন সড়কে টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও হাত বোমা ছুড়ে বাধা সৃষ্টি করেন সমর্থকরা। এ ছাড়া টমটম ভাঙচুর করা হয় শহরের বাস টার্মিনাল এলাকায়।
বুধবার শহরের মহাজন পাড়া, স্বনির্ভর, জিরোমাইল ছাড়াও দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিতে দেখা যায় অবরোধকারীদের।
পরে ওইসব এলাকায় পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এদিকে, অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
জেলা শহর ছাড়াও সবকটি উপজেলায় বিজিবি ও নির্বাহী হাকিম টহলে রয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ।
