কুড়িগ্রামে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
খেলাধুলার এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে সোহানা ও রোকসানা।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম।
নিহতরা হলো- উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলায়মান আলীর মেয়ে সোহানা আকতার (৭) ও খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকসানা আকতার (৮)।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, “সোহানা কয়েকদিন আগে খুলিয়াতারী গ্রামে তার নানির বাড়িতে বেড়াতে আসে। বিকালে প্রতিবেশী রোকসানার সঙ্গে খেলছিল সোহানা। পরে সবার অগোচরে তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে।
“সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ তাদের কোথাও না পেয়ে এক শিশুর মা আশেপাশে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন তিনি।”
এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান।
