১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হাত-পা বাঁধা তরুণীর লাশ

পুলিশ জানায়, ২০ থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর আঙুলের ছাপেও মেলেনি পরিচয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 07:04 PM

Updated : 11 Oct 2026, 07:04 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় হাত-পা বাঁধা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে ফতুল্লার ভূঁইগড় এলাকার সোনালী মার্কেটের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

২০ থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঝোপের মধ্যে একটি বস্তা দেখতে পান তারা। বস্তাটি খুলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর লাশ পাওয়া যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার পরনে সালোয়ার-কামিজ ছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে রাস্তার পাশের ঝোপে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হলেও তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান ওসি।