১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত আরও ৬

বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন।

গাজীপুরে ট্রাক চাপায় বিজিবি সদস্যের মৃত্যু, আহত আরও ৬

আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 03:11 PM

Updated : 22 Jun 2023, 03:11 PM

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় নিয়ন্ত্রণ হারানো ডাম্প ট্রাক পিটিরত বিজিবি সদস্যদের চাপা দিলে এক জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয় বিজিবি সদস্য। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম। 

নিহত শাহিদুর রহমান (৩৮) সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে। তিনি ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। 

এ ঘটনায় আহত বিজিবি সদস্যরা হলেন- নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী, সিপাহী সংগ্রাম। 

আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ওসি জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজন্দ্রেপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। 

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ড্রাম্প ট্রাকের চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০) ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে। 

নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি জিয়াউল।