ব্রাহ্মণবাড়িয়া সদরে ছাত্রদলের নতুন কমিটি, ২ পক্ষের সংঘর্ষ
সম্প্রতি জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করার পর দুটি পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি করার পর দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বেশকিছু হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের বিরাসার এলাকায় এ সংঘর্ষ হয় বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে নতুন ও পুরনো কমিটির নেতা-কর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়।
নতুন কমিটির আহ্বায়ক শাহীনুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
ওসি এমরানুল ইসলাম জানান, সোমবার নতুন আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা আনন্দ মিছিল করার জন্য বিরাসার এলাকায় জড়ো হন। এ সময় পুরাতন কমিটির আহ্বায়ক ফুজায়েল চৌধুরী ও অন্য নেতা-কর্মীরা একই স্থানে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে ব্রহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদ স্যসচিব ফুজায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ছাত্রদলের যে নতুন কমিটি হয়েছে তা অগণতান্ত্রিকভাবে হয়েছে। ফলে অনেক সদস্যই এই বিষয়ে ক্ষুব্ধ রয়েছে।”
অপরদিকে ছাত্রদলের উপজেলার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, “নবগঠিত ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দ তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দমিছিল করার সময় পদবঞ্চিতরা হামলা করে।”
