চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা করে ‘আসামি ছিনতাই’, আহত ৪
বুধবার বিকালে এক আসামিকে ছিনতাই করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছেন ওসি শুভ রঞ্জন চাকমা।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে; হামলায় ৩ পুলিশসহ চারজন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৪ টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
আহতরা হলেন-চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো.আজিম উদ্দিন, মো. জাকির হোসেন, কনস্টেবল আবু সিদ্দিক এবং গাড়ি চালক সাইফুল ইসলাম। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, “করপাটি গ্রামের কাজী এমদাদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার বিকালে খবর আসে যে কাজী এমদাদ ওই ইউনিয়নের চন্দ্রপুরে অবস্থান করছেন।
“এর ভিত্তিতে উপ-পরিদর্শক আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কাজী এমদাদকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার সময় করপাটি এলাকায় পৌঁছলে আসামির বড় ভাই কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী মোটর সাইকেলযোগে এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায় “
হামলায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, দ্রুত পুলিশের আরেকটি টিম গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ছিনতাই হওয়া আসামি কাজী এমদাদসহ এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আসামি ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম।
