প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে অধীর অপেক্ষায় চা শ্রমিকরা
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা শ্রমিকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন চা শ্রমিকরা।
শনিবার বিকাল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমের একযোগে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা শ্রমিকরা।
এ উপলক্ষে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই সিলেট ভ্যালির চা শ্রমিকরা এতে যুক্ত হবেন বলে জেলা প্রশাসক মজিবর রহমান জানান।
চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাস দীর্ঘদিনের। ১৬৮ বছরেও শ্রমের ন্যায্য মজুরি না পাওয়াসহ নানা সংকটের বৃত্তে আবদ্ধ তাদের জীবন।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে টানা ২০ দিন কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১৭০ টাকা মজুরিতে কাজে ফিরেন তারা।
এ সময় শ্রমিকদের দাবি ছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার। নতুন মজুরি ঘোষণার এক সপ্তাহের মাথায় তাদের সেই দাবি পূরণ হচ্ছে। এ নিয়ে সিলেটের চা শ্রমিকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে।
লাক্কাতুরা চা বাগানের শ্রমিক লীলমতি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের দুঃখের কথা শোনার আর কেউ নাই। আমরা অনেক দিন ধরেই তার সঙ্গে কথা বলার দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।”
“আজকের দিনটি চা শ্রমিকের জন্য এক স্বপ্নের দিন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাব আমরা।”
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, চা শিল্পের ইতিহাসে এভাবে কোনো সরকারপ্রধান শ্রমিকদের মজুরিতে হস্তক্ষেপ করেননি। নেননি শ্রমিকদের সঙ্গে কথা বলার উদ্যোগ। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছেন শ্রমিকরা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চা শ্রমিকদের বিষয়ে আন্তরিক। আশা করছি, তিনি আমাদের দাবি পূরণে উদ্যোগী হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা পরর দীর্ঘ বঞ্চনার অবসান হবে বলে আশাবাদী চা শ্রমিকরা।
এ নিয়ে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, “প্রধানমন্ত্রী চা শ্রমিকদের বিষয়ে খুবই আন্তরিক। ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলবেন। তিনি শুনবেন তাদের অভাব-অভিযোগ।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ৯ অগাস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক। প্রথম চারদিন শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ১৩ অগাস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।
টানা ধর্মঘটের মধ্যে ২০ অগাস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণার পর সুরাহার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ওইদিন শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দিলে কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে নেমেছিলেন। কিন্তু বেশির ভাগ শ্রমিক এ মজুরি না মেনে আন্দোলন অব্যাহত রাখেন।
আন্দোলনের ১৯তম দিন ২৭ অগাস্ট গণভবনে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ)সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের পর নতুন মজুরির ঘোষণা আসে। এরপর শ্রমিকরা নিজ নিজ বাগানে কাজে ফিরেছেন।
আরও পড়ুন:
