হিলি বন্দর দিয়ে এলো তিন ট্রাক পেঁয়াজ
চলতি বছরের ১৫ মার্চের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
আড়াই মাসের বেশি বন্ধ থাকার পর ভারত থেকে তিন ট্রাক পেঁয়াজ এসেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় ভারত থেকে তিন ট্রাকে ৬৬ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।
পেঁয়াজের ব্যাপক মূল্য বৃদ্ধির মধ্যে রোববার প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হয়। এ অবস্থায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় কৃষি মন্ত্রণালয়।
ইতোমধ্যে সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়েও সোমবার পেঁয়াজ আমদানি হয়েছে।
হারুন-উর রশিদ বলেন, আমদানিকারকরা ১৫০ থেকে ২০০ ডলারের মধ্যে প্রতি টন পেঁয়াজ কিনেছেন। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৩০ থেকে ৩৫ টাকা। এতে বাজারে দাম কমে আসবে।
“তবে পেঁয়াজ আমদানির খবরে সকালেই দেশি পেঁয়াজের দাম কমে গিয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।”
তিনি আরও জানান, সঙ্ঘনিরোধ কর্তৃপক্ষের নির্দেশে গত ১৫ মার্চ পেঁয়াজ আমদানির অনুমতির মেয়াদ (আইপি) শেষ হয়ে যায়। ফলে ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
