ভোলায় পুড়ে গেছে তুলার গুদামসহ ৫ বসতঘর, নেভাতে গিয়ে নিহত ১
তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।
ভোলা সদরে একটি তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে গুদামসহ পাঁচটি বসত ঘর। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যবসায়ী।
সোমবার রাত সাড়ে ১০টায় ওয়েস্টার্ন পাড়া এলাকায় এই অগিকাণ্ড হয় বলে জানিয়েছেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
তিনি জানান, আগুন নেভাতে সহযোগিতা করতে এসে প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে নিহত হয়েছেন ইব্রাহিম (৪৫) নামে এক ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্থানীয় ব্যবসায়ী আলী হোসেনের তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। কয়েক মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের পাশে পাঁচটি বসত ঘরে আগুন ধরে যায়।
এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও গোডাউন ও ঘরগুলোর মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে জেলা পুলিশ, রেড ক্রিসেন্ট টিমসহ স্থানীয়রা অংশগ্রহণ করে।
উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তালিকা তৈরি করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, আগুনের ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
