২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আশ্রয়ণ প্রকল্পে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণকে পিটিয়ে হত্যা

“পরিবার জানিয়েছে, কিশোর অপরাধীরা তাদের অপরাধমূলক কাজে হেফাজ উদ্দিনকে জড়িত করতে না পেরে ক্ষিপ্ত হয়ে খুন করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 11:26 PM

Updated : 30 Jun 2023, 11:26 PM

কক্সবাজার সদর উপজেলায় খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে ‘অপরাধমূলক কাজে জড়িত হতে রাজী না হওয়ায়’ বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে খুরুশকূল ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহত হেফাজ উদ্দিন (১৮) খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পের গোলাপ ভবনের ৫০৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ মুফিজের ছেলে।

নিহতের মা রেখা শারমিন বলেন, হেফাজ জন্মগত বুদ্ধিপ্রতিবন্ধী। ছোটবেলা থেকে কেউ তাকে উত্ত্যক্ত করলে সে রেগে যেত। খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পসহ আশাপাশের এলাকায় ১৫-২০ কিশোরের সংঘবদ্ধ একটি অপরাধী দল সক্রিয় রয়েছে। তারা হেফাজকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং তাকে মাদক বহনের কাজে ও সেবনে বাধ্য করত।

তিনি আরও বলেন, “বিকালে একটি কাজে কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেই। পথে একজন মোবাইল করে হেফাজকে মারধরের কথা জানায়। তখন বাসায় ফিরে আসি। বাসায় ছেলেকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“

নিহতের মায়ের অভিযোগ, আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আরমান, জামিনসহ কিশোর অপরাধীরা তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিবার জানিয়েছে, কিশোর অপরাধীরা তাদের অপরাধমূলক কাজে হেফাজ উদ্দিনকে জড়িত করতে না পেরে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করেছে। পুলিশ প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে।

জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে ওসি রফিকুল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।