সমুদ্রে ফেলে দেওয়া চার জেলের দুজনকে উদ্ধার
মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলেরা রোববার মধ্যরাতে একজন এবং সোমবার সকালে একজনকে উদ্ধার করেছেন।
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারে ডাকাতির সময় সাগরে ফেলে দেওয়া চার জেলের মধ্যে দুইজন জীবিত উদ্ধার হয়েছেন; এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, রোববার মধ্যরাতে একজন এবং সোমবার সকালে একজনকে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন।
এরা হলেন সদর উপজেলার খুরুশকূলের দেলোয়ার হোসেন এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের মোহাম্মদ জিয়া।
এখনও নিখোঁজ রয়েছেন নোয়াখালী জেলার অলি আহমদ এবং কক্সবাজার সদরের খুরুশকূলের মো. আনিস।
উদ্ধার ও নিখোঁজ সবাই খুরুশকূলের বাসিন্দা মো. জকরিয়ার মালিকাধীন ‘এফবি হাসান’ নামের ট্রলারের জেলে।
দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার [১১ ফেব্রুয়ারি] মধ্যরাতে কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরের ১৪ বিউ এলাকায় এফবি হাসানসহ চারটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এতে বাধা দিলে এফবি হাসানের ১৯ জেলের মধ্যে চারজনকে সাগরের পানিতে ফেলে দেয় দস্যুরা।
তবে এ ঘটনার ব্যাপারে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
উদ্ধার জেলেদের বরাতে বোট মালিক নেতা দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ চার জেলে সাগরের পানিতে দীর্ঘ সময় ভাসছিলেন। এক পর্যায়ে অন্য ট্রলারের জেলেরা রোববার মধ্যরাতে দেলোয়ার হোসেনকে এবং সোমবার সকালে মোহাম্মদ জিয়াকে উদ্ধার করেন।
উদ্ধার দুইজনেই এখন নিজেদের বাড়িতে অবস্থান করছেন বলে জানান তিনি।
দেলোয়ার জানান, উদ্ধার জেলেদের দেওয়া তথ্য মতে ঘটনার পর নিখোঁজ অপর দুই জেলেকেও তারা সাগরে ভাসতে দেখেছেন। তবে এখন তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত নন।
আরও পড়ুন
