পিরোজপুরে ট্রলার ডুবিতে মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ
৫০ জনেরও বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি কালীগঙ্গা নদীতে তলিয়ে যায়।
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় ট্রলারডুবিতে মেয়ের লাশ উদ্ধার হলেও মা এখনও নিঁখোজ।
সোমবার রাত ৯টার দিকে শ্রীরামকাঠার কালিগঙ্গা নদীতে এ ঘটনার ঘণ্টা তিনেক পর রাত ১২টার দিকে অদ্রিতা বেপারির (৮) লাশ নামে ওই মেয়ের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও মা রিনা বেপারির (৩৫) নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন নাজিরপুর থানার ওসি মো. তারিকুল ইসলাম ।
নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশের উদ্ধারকারী দল।
রাত ৯টার দিকে ৫০ জনেরও বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্তে শ্রীরামকাঠী এলাকায় নদীতে তলিয়ে যায়।
রিনা বেপারির বাড়ি নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামে। তার স্বামীর নাম শংকর বেপারি।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের এক যাত্রী বলেন, অতিরিক্ত যাত্রী ও কয়েকটি ভারী বাইক ওঠানোর কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং নাজিরপুর প্রান্তেই ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও শংকর বেপারীর স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ হন। ঢাকার এক প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী শংকর বেপারি দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে আসেন। রাতে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা।
ওসি তারিকুল বলেন, ঠিক কী কারণে ট্রলারটি ডুবলো সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ত্রুটি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
